গোপালগঞ্জে এক শিক্ষার্থীকে ভুল ইনজেকশন দেয়ার অভিযোগে চিকিৎসক তপন কুমার মন্ডল ও নার্স কুহেলিকার জামিন আবেদন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নি বর্তমানে ঢাকা মেডিক্যালের আইসিইউতে চিকিৎসাধীন। রবিবার, গোপালগঞ্জের নিম্ন আদালতের বিচারক হুমায়ুন কবির অভিযুক্ত চিকিৎসক ও নার্সের জামিন আবেদন বাতিল করেন।
গত ২০শে মে, গোপালগঞ্জ সদর হাসপাতালে পিত্তথলির পাথর অপারেশনের জন্য ইনজেকশন দেয়া হলে অচেতন হয়ে যান মরিয়ম। এরপর, অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। এই ঘটনায় তার চাচা মামলা করলে হাইকোর্টে জামিন আবেদন করে দুই মাসের জামিন নেন অভিযুক্ত নার্স ও চিকিৎসক।
