৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

পিক আপের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেট: জুন ২৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

সুমন সূত্রধর, কালিহাতী (টাঙ্গাইল) থেকে :টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম আলম (৬২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
শনিবার (২৭ জুন) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে টাঙ্গাইল-গাজীপুর মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্লিয়া-গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গাজীপুর থেকে ভুসি বোঝাই একটি পিকআপে করে আউলিয়াবাদে ফিরছিলেন সিরাজুল ইসলাম আলম। পথে পাকুল্লিয়া-গোড়াই এলাকায় পৌঁছালে পিছন থেকে অপর একটি পিকআপ তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুর্ঘটনায় পিকআপের চালক শাহজালাল (৩২) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর অপর পিকআপের চালক পালিয়ে যায়।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ জানান, দুর্ঘটনাকবলিত দুটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এলাকাবাসী জানান, সিরাজুল ইসলাম আলম একজন পরহেজগার, সাদামাটা ও অত্যন্ত ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আউলিয়াবাদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network