১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 

কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আপডেট: জুন ২৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

সুমন সূত্রধর, কালিহাতী (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের কালিহাতীতে আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং করিমুননেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ২০৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাংলা অভিধান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) আউলিয়াবাদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী ও করিমুননেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কাশেমসহ প্রমুখ।
আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব কামাল হোসেন ভূঞা সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন । অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ১৩৭ জনের সাফল্য কামনায় বিদায় সংবর্ধনা ও দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, “শিক্ষার্থীরা কাঁচামালের মতো। তাদের যেভাবে শিক্ষা দেওয়া হবে, তারা সেভাবেই শিখবে; যে পরিবেশে তারা বেড়ে উঠবে, সেভাবেই গড়ে উঠবে।” তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা তুলে ধরে শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথি লায়লা সিদ্দিকী শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে করিমুননেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের ২০৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাংলা একাডেমির তিনটি করে বাংলা অভিধান যেমন বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, বাংলা অভিধান (ব্যবহারিক) বিতরণ এবং আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ২০২৪ ও ২০২৫ সালের ০৫ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ আরিফুল ইসলাম।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network