৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

আপডেট: জুন ২৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

সুমন সূত্রধর, কালিহাতী থেকে :টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা এলাকায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৪ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে কালিহাতী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামাথী এলাকায় রতনগঞ্জ-বল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রতনগঞ্জ থেকে বল্লাগামী একটি অজ্ঞাতনামা ট্রাক একই দিকে চলাচলরত একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সাইকেল আরোহী গোপাল চন্দ্র পণ্ডিতকে (৬০) সজোরে ধাক্কা দেয়। তিনি কালিহাতী উপজেলার কামার্থী গ্রামের বৃন্দাবন চন্দ্র পণ্ডিতের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গোপাল চন্দ্র পণ্ডিত ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশায় থাকা তিন যাত্রীও আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতদের মধ্যে তালতলা এলাকার বাসিন্দা মলি (৫০)-এর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অপর দুই আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।
খবর পেয়ে কালিহাতী থানার এসআই ওসমান গনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, “দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network