৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইউক্রেন যুদ্ধে টাঙ্গাইলের যুবক নিহত।। এলাকায় শোকের মাতম

আপডেট: জুন ২৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল): রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাছ চারান গ্রামের যুবক মৃদুল খান (২২)। গত রবিবার যুদ্ধক্ষেত্রে মাইন বিস্ফোরণের ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই মৃত্যুর খবরে এলাকায় চলছে শোকের মাতম।
নিহত মৃদুল খান কালিহাতী উপজেলার পাছ চারান গ্রামের মো. সাঈদ খানের ছেলে। পরিবারের সদস্যরা জানান, জীবিকার সন্ধানে গত ১৯ জানুয়ারি তিনি বিদেশে যান। পরে রাশিয়ায় অবস্থানকালে দেশটির সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে মৃদুলের সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল না। পরে তাঁর সহকর্মীদের মাধ্যমে পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছায়। খবরটি পাওয়ার পর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
মৃদুলের বাবা মো. সাঈদ খান বলেন, “ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো। হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে তাঁর মৃত্যুর খবর পাই। আমরা এই শোক কীভাবে সইবো বুঝতে পারছি না।”
স্থানীয় সূত্রে জানা যায়, মৃদুল এলাকার পরিচিত ও ভদ্র স্বভাবের একজন তরুণ ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে গ্রামজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। প্রতিবেশী ও স্বজনরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে মৃদুলের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দূতাবাসের সহযোগিতা কামনা করেছে। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
মৃদুলের মৃত্যুতে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিদেশে কর্মসংস্থানের আশায় যাওয়া একজন তরুণের যুদ্ধক্ষেত্রে এমন মর্মান্তিক মৃত্যু স্থানীয়দের মধ্যে গভীর বেদনার জন্ম দিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network