আপডেট: জুলাই ৭, ২০২০
আমিনুল জুয়েল, নওগাঁ থেকে: নওগাঁর রাণীনগর থানা পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া ১১২ কেজি ওজনের বিষ্ণ মূর্তি আনুষ্ঠানিকভাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। নওগাঁর পাহাড়পুর যাদুঘরের কাষ্টোডিয়ান আবু সাইদ ইনাম তানভিরুল মূর্তিটি গ্রহণ করেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া মূর্তিটি হস্তান্তর করেন।
বিষ্ণমূর্তি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক, ওসি (তদন্ত) তারিকুল ইসলাম, নওগাঁ জেলা ইন্টেলিজেন্ট অফিসার (ডিআইও) ইন্সপেক্টর নন্দীতা সরকার, উপজেলার ডিআইও দেলোয়ার হোসেনসহ রাণীনগর থানার পুলিশ সদস্যরা।
এসময় রাণীনগর থানা চত্বরে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি পানে স্থাপনকৃত নলকূপের উদ্বোধন, বৃক্ষ রোপণ এবং পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
রাণীনগর থানার ওসি জানান, গত ৯ মার্চ দুপুরে গোপন সংবাদে ওই উপজেলার ভাটকৈ গ্রাম থেকে ১১২ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার নিয়মিত থানা পরির্দশন করতে এসে উদ্ধার করা মূর্তিটি হস্তান্তর করেন।