আপডেট: জুলাই ৭, ২০২০
রওশন হাবিব, গাইবান্ধা থেকে : গাইবান্ধায় করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তবে এরই মাঝে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে জেলায় সুস্থ হয়ে উঠছেন অনেকেই।
গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০ জন সুস্থ হয়ে আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। করোনাকে জয় করে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮১ জন।
সোমবার (০৬ জুলাই) গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করে জানান, গাইবান্ধা জেলায় আজ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪২৬ জন। এরমধ্যে শুধুমাত্র গোবিন্দগঞ্জ উপজেলাতেই আক্রান্ত ১৮২ জন।
সিভিল সার্জনের অফিস থেকে জানানো হয়, সোমবার সন্ধ্যায় নতুন করে আরো ৮ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তাদের মধ্যে সাদুল্লাপুরে ৫ জন, পলাশবাড়ীতে ২ জন এবং সাঘাটা উপজেলায় ১ জন শনাক্ত হয়েছেন। জেলার ৭ উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪২৬ জনের মধ্যে গোবিন্দগঞ্জে সর্বাধিক ১৮২ জন এছাড়া সদরে ৭২, পলাশবাড়ীতে ৫১, সাদুল্লাপুরে ৪৪, সাঘাটায় ২৮, সুন্দরগঞ্জে ৩০ এবং ফুলছড়ি উপজেলায় ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গাইবান্ধায় বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ২৩৫ জন বিভিন্ন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, এখন পর্যন্ত জেলায় মোট ১০ জন করোনা আক্রান্তরোগী মারা গেছেন। এরমধ্যে গোবিন্দগঞ্জে ৪ জন, সদরে ১ জন, সাদুল্লাপুরে ১ জন, পলাশবাড়ীতে ৩ জন এবং সুন্দরগঞ্জ উপজেলায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।