১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপি পুত্র সজিব।। যুবদল থেকে বহিষ্কার

আপডেট: জুন ২২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, নারায়নগঞ্জ :  চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।একই অভিযোগে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এর আগে রবিবার (২১ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্ত খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি জানায় পুলিশ সদর দপ্তর। খায়রুল ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানিয়েছে, আজ দুপুরে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ। পরে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, সজীবের বিরুদ্ধে কিছু লোকজন আমাদের কাছে চাঁদাবাজির অভিযোগ করেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে ভুক্তভোগীরা মামলা করবে। তবে সত্যতা না মিললে তাকে ছেড়ে দেওয়া হবে।
চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে যুবদল থেকে বহিষ্কার ও ডিবি হেফাজতে নেওয়ার সংবাদটি মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ফলে দলের ভেতরে-বাইরে থাকা চাঁদাবাজদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network